'জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে'
সাম্প্রদায়িকতামুক্ত, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্নে একাত্তরে সবাই ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছিল। সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আবারও তাদের পরাজিত করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জেগে ওঠো বাংলাদেশের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। গুলশান ও শোলাকিয়ায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। এরপর নিহত ব্যক্তিদের স্মরণে শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করা হয়।
সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘একাত্তর সালে ধর্মের নামে মানুষ হত্যা করা হয়েছে। আজও ধর্মের নামে মানুষ হত্যা করা হচ্ছে। যারা ধর্মের নামে মানুষ খুন করছে তারা মানবতাবিরোধী, তারা মনুষ্যত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমরা একাত্তরের চেতনায় রাজপথে আবারও সংগ্রাম শুরু করলাম। একাত্তরে যেভাবে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয়ী হয়েছিলাম, এবারও সবার ঐক্যের ভিত্তিতে বিজয়ী হতে পারব।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘জাতীয় জীবনে এখন সংকটকাল চলছে। একাত্তরে ভেবেছিলাম, সাম্প্রদায়িকতা পরাস্ত হয়েছে। কিন্তু পঁচাত্তরের পর সেটিকে আবারও ফিরিয়ে আনা হয়েছে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগে যে রকম সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল, এখন আবারও সে রকম সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নিশ্চিত করতে হবে।
উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, নারীনেত্রী নুরজাহান খান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, দেলোয়ার মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি লতিফা কবির, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদ এবং গুপ্তহত্যার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের প্রতিহত করবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মনসুর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি এস এম আলাউদ্দিন আলম ও আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মোহাম্মদ আরমান প্রমুখ।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।
সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল আলম বলেন, তরুণেরা যাতে বিপথগামী না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের উদ্যোগে সমাবেশ হয়। এ ছাড়া ছাত্রলীগও ক্যাম্পাসে মিছিল করে।