'জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে জঙ্গিবাদ নির্মূল করতে হলে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এখন থেকে তাদের সমাজ গড়ার কারিগরও হতে হবে।

আজ শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় জঙ্গি তৎপরতা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এখনো নির্মূল হয়নি। আবারও যে তারা তৎপরতা চালাবে না এমন কথা নিশ্চিত করে বলা যাবে না। তিনি বলেন, যারা দেশের উন্নতি চায় না, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করতে চায়, তারাই ইসলামের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে যুক্ত করছে। তাই সবাইকে সচেষ্ট থাকতে হবে।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেহেতু জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে, তাই শিক্ষকরাই জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের আগে চিনতে হবে। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। জঙ্গিবাদের কুফল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।