'জঙ্গিবাদ রুখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জঙ্গিবাদীরা একেক দেশে একেক উদ্দেশ্য নিয়ে হামলা চালাচ্ছে। বাংলাদেশে এদের হামলার উদ্দেশ্য রাজনৈতিক। পথভ্রষ্ট তরুণদের এ কাজে ব্যবহার করা হচ্ছে। তরুণেরা যাতে বিপথে যেতে না পারেন, সে জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে নগরের ডিসি পাহাড়ের নজরুল মঞ্চে জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেয়র বলেন, অর্থনৈতিক মানদণ্ডে চট্টগ্রাম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অর্থনীতির হৃৎপিণ্ড এটি। পরিকল্পিতভাবে চট্টগ্রামকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশও এগিয়ে যাবে।

সংহতি জানাতে এসে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, তরুণেরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারেন, সে জন্য মা-বাবার পাশাপাশি শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, লেখিকা আনোয়ারা আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, নাট্যজন সাইফুল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার মুখের শিল্পীরা দেশাত্মবোধক সংগীত ও নাচ পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।