'জঙ্গিবাদের পর এবার ভারতে বিটি বেগুন পাঠাচ্ছে বাংলাদেশ'
সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে জঙ্গিবাদ পাচারের পর এবার বিটি বেগুনের বীজ পাচার করছে বাংলাদেশ—ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আজ সোমবার প্রকাশিত ‘আফটার টেরর, বাংলাদেশ সেন্ডস বিটি সিডস ইনটু ইন্ডিয়া’ শীর্ষক ওই প্রতিবেদনটি লিখেছেন জয়দীপ ঠাকুর।
প্রতিবেদনে বলা হয়েছে, জিন প্রযুক্তিতে উদ্ভাবিত (জিএম) ফসল নিয়ে দেশে যখন বিতর্ক তুঙ্গে এবং বিজ্ঞানী সম্প্রদায় এ বিষয়ে এখনো তাঁদের মতামত দেননি, এমন একটা সময় বিটি বেগুনের বীজ পশ্চিমবঙ্গে চোরাচালান করা হচ্ছে। এ রাজ্যের অনেক জেলার কৃষক এরই মধ্যে এই বীজ রোপণ করে ফেলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে জয়দীপ ঠাকুর লিখেছেন, ভারত সম্প্রতি কয়েকটি জিএম ফসলের পরীক্ষামূলক চাষাবাদের অনুমতি দিয়েছে। কিন্তু ২০১৩ সালে বাংলাদেশে বিটি বেগুনের প্রবর্তন ঘটে এবং এরই মধ্যে দেশটির সর্বত্র এর বীজ সুলভে পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের কৃষিমন্ত্রী পুর্ণেন্দু বসু হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমরা তথ্য পেয়েছি, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের মাধ্যমে দেশে বিটি বেগুনের বীজ পাচার হচ্ছে। আমরা এ বিষয়ে শঙ্কিত, কেননা সামনের বছরগুলোতে মানবদেহে ও জীববৈচিত্র্যের ওপর এটি অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সীমান্তবর্তী নদীয়া ও মুর্শিদাবাদ জেলা দিয়ে এ বীজ পাচার করা হচ্ছে বলে জানা গেছে। আমরা জেলা কর্মকর্তাদের সতর্ক থাকতে এবং এ বিষয়ে তদন্ত করতে বলেছি।’
নিখিল ভারত কিষাণ সংঘের বেঙ্গল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নন্দলাল কাৎ বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবহিত। তিনি জানান, বীরভূম ও বর্ধমান জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া অজয় নদীর তীরে বাংলাদেশ থেকে যাওয়া বিটি বেগুন চাষ হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যারা গত বছর বিটি বেগুনের চাষ অনুমোদন করেছে।