'জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে পাল্টা যুদ্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধে দেশের জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ আহ্বান জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন। ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে এই নাগরিক সমাবেশ হয়।

কর্মসূচির মধ্য রয়েছে আগামী সোমবার ‘প্রতিরোধ ঘরে ঘরে’ নামে শাহবাগসহ সারা দেশে একযোগে জঙ্গিবাদ প্রতিরোধে গণসংযোগ কর্মসূচি, ২০ জুলাই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও ২২ জুলাই শাহবাগে গণমিছিল।

ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে শুধু নাগরিক সমাবেশ করে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। জঙ্গিরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের প্রতিরোধে জনগণকে পাল্টা যুদ্ধ ঘোষণা করে রাস্তায় থাকতে হবে। তিনি বলেন, ‘পুরোনো বিভাজন মাথায় রেখে খাদের কিনারা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মতপার্থক্য ভুলে গিয়ে আন্দোলন করতে হবে। অপশক্তিকে মোকাবিলা করতে হবে।’

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় বলেন, ‘গুলশানের হামলার আগে আমি নিজেই মাদ্রাসা ও কওমি মাদ্রাসায় কী পড়ানো হয়, তার সমালোচনা করেছিলাম। কিন্তু এখন আমি নিজেই দ্বিধায় পড়েছি। বর্তমানে দেখা যাচ্ছে, তথাকথিত সেক্যুলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও জঙ্গিবাদের সঙ্গে জড়িত।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘বিভিন্ন হামলায় আমরা স্বামী হারাচ্ছি, সন্তানহারা হচ্ছি। এ রকম আতঙ্কের মধ্যে বেঁচে থাকার জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশ, সেই দেশের মানুষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না।’

সমাবেশ শেষে শাহবাগ থেকে জাতীয় পতাকা মিছিল বের করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।