'জঙ্গিরা দেশ ও ধর্মের শত্রু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, ধর্মের নামে যারা জঙ্গিবাদী তৎপরতায় জড়াচ্ছে, তারা দেশ ও ধর্মের ক্ষতি করছে। তাদের এ অপতৎপরতা রুখে দিতে হবে।
চট্টগ্রাম: গতকাল বেলা ১১টায় নগরের জিইসি মোড় এলাকায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন এবং শোভাযাত্রা বের করে ওমরগণি এম ই এস কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শোভাযাত্রার শুরুতে ছিলেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী। জিইসির মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওয়াসার মোড় ঘুরে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
ফেনী: জেলার দাগনভূঞা, ফুলগাজী, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলা সদরে মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষার্থীদের আয়োজনে পৃথকভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব সমাবেশে বক্তারা বলেন, কোনো শিক্ষার্থী যাতে জঙ্গি তৎপরতায় জড়িয়ে না পড়ে, সে জন্য শিক্ষক ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে।
গতকাল সকালে দাগনভূঞা উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মার্কেট এলাকায় শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন। সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মমিনুল হক, উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার উদ্দিন, প্রতাপপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, দুধমুখা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, দাগনভূঞা বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এম এ কুদ্দছ ও বদরের নেছা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মো. জামাল উদ্দিন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
ফুলগাজী উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খোকন চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আলী আজম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম, ফুলগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, আনন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, নতুন বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।
এ ছাড়া ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক, কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সোনাগাজী উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল আলম, শিক্ষক আলমগীর হোসেন, আবদুল হক, সরওয়ার আলম, কবীর আহমেদ প্রমুখ।
রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে আয়োজিত সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল সকালে রামদয়াল আবদুল হাদী কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগতি উপজেলা কমিউনিটি পুলিশ, রামদয়াল আবদুল হাদী কলেজ, চরমেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়, রামদয়াল সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়, চরগোসাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রামদয়াল বাজার বণিক সমিতি ও শতদল সাংস্কৃতিক সংঘ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল মামুন সমাবেশে প্রধান অতিথি এবং লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন রামদয়াল আবদুল হাদী কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাংসদ আবদুল্লাহ আল মামুন বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিরা ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করছে না। তারা দেশ ও ধর্মের ক্ষতি করছে। তাদের এ অপতৎপরতা রুখে দিতে হবে।
পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, দেশ ও সরকারকে বিব্রত করার জন্য একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকার আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান কবির, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন, রামদয়াল বাজার বণিক সমিতির সভাপতি মো. দিদার হোসেন, শতদল সংঘের সাবেক সভাপতি মো. আবদুল্লাহ, উপজেলা সদর আলেকজান্ডার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম কিবরিয়া, রামদয়াল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, শিক্ষক মো. খবিরুল হক ও চরমেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাছলিমা নুহা।
নোয়াখালী: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নোয়াখালীর শহর, সুবর্ণচর ও সেনবাগ উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা শহরের টাউনহল মোড়ের মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ বি এম আবদুল আলীম। বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আবদুল কাশেম, সম্পাদক মুহাম্মদ আলমগীর, সদর উপজেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
সেনবাগ ও সুবর্ণচরের মানববন্ধন ও সমাবেশে উপজেলা শিক্ষক সমিতির নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনী অফিস, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি)