'জঙ্গিরা রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

জঙ্গিরা নিজেদের ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সর্বোপরি তারা রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এদিকে গতকাল নোয়াখালী, ফেনী ও খাগড়াছড়ির দীঘিনালায় জঙ্গিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: বেলা ১১টার দিকে সাংসদ আয়েশা ফেরদৌসের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাতিয়া উপজেলা সদরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাতিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র এ কে এম ইউছুফ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আয়েশা ফেরদৌস। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা জিয়া আলী মোবারক কল্লোল, যুবলীগের নেতা মহিউদ্দিন, হাতিয়া সরকারি কলেজের সাবেক ভিপি জিল্লুর রহমান।

ফেনী পৌরসভা আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
ফেনী পৌরসভা আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

সমাবেশে সাংসদ আয়েশা ফেরদৌস বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করে তোলার নানা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।’
ফেনী: ফেনী পৌরসভার উদ্যোগে সকালে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পৌরসভার মেয়র আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) মো. আমিরুল আলম।
কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
একই সময় বিএমএর ফেনী শাখা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ সাহার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, চিকিৎসা কর্মকর্তা বিমল চন্দ্র দাস, মাসুদ রানা ও মোহাম্মদ ইলিয়াছ।
এ ছাড়া সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছেন। কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদর্শী সম্বৌধি চাকমা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর।
দীঘিনালা (খাগড়াছড়ি): দীঘিনালায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত মানববন্ধনে বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী এবং সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দীঘিনালা বাস টার্মিনাল থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা হয়। ইউএনও শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবুল হাসেম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ।