‘জঙ্গি’ খামারুর ব্যানার, বিএনপিতে তোলপাড়
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ছবিসহ নিজের ছবি দিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা বাজারে গত বৃহস্পতিবার ডিজিটাল ব্যানার ঝুলিয়েছেন জঙ্গিসংক্রান্ত একাধিক মামলার আসামি মাহতাব খামারু। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে বেশি পরিচিত। এ নিয়ে বাগমারার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।হামিরকুৎসা ইউনিয়নবাসীর পক্ষে রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা, সহসভাপতি আবদুল গফুর ও উপজেলা যুবদলের সভাপতি (একাংশ) গোলাম রাব্বানীকে অভিন্দন জানিয়ে ব্যানারটি টাঙানো হয়। উপজেলা যুবদলের সহসভাপতি করায় তিনি এ অভিনন্দন জানিয়েছেন। দলের মনোগ্রামের সঙ্গে ব্যানারে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার ছবি রয়েছে। সেখানে তিনি নিজেকে হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানারটি দেখে ক্ষুব্ধ হয়ে দলের নেতাদের কাছে অভিযোগ করেন। সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও মাহতাব খামারুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে হামিরকুৎসা বাজার মাঠে হামিরকুৎসা ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। তাঁরা মাহতাব খামারুকে জঙ্গি ও নাদিম মোস্তফাকে জঙ্গি মদদদাতা হিসেবে উল্লেখ করেন। তাঁরা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ নাদিম মোস্তফার মদদে খামারু এই কাজ করেছেন। উপজেলা যুবদলের একাংশের সভাপতি কামাল হোসেন অভিযোগ করেন, মাহতাব খামারু একজন চিহ্নিত জঙ্গি। বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে থাকলেও নাদিম মোস্তফা তাঁকে প্রশ্রয় দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। খামারু যুবদলের কেউ নন। আরেক অংশের সভাপতি গোলাম রাব্বানী বলেন, মাহতাব খামারু যুবদলের কোনো পদে আছেন কি না তা তাঁরা জানেন না। তবে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মাহতাব খামারুকে উপজেলা যুবদলের সহসভাপতি করার কথা নিশ্চিত করেছেন।উপজেলা বিএনপির সভাপতি মখলেছুর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাহতাব খামারু জেএমবি হিসেবে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, যৌথ সেলেও পাঠানো হয়েছিল। তাঁর মতো একজন বিতর্কিত ব্যক্তিকে কীভাবে দলে নেওয়া হলো তা বুঝতে পারছি না। মাহতাব খামারু কোনো দিন বিএনপি করেননি।’তবে মাহতাব খামারু নিজেকে বিএনপির লোক দাবি করে বলেন, ‘আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’ তিনি জঙ্গি কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘এটা প্রতিপক্ষের অপপ্রচার। আমার জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা না পেয়ে একজন বিচারপতির সমন্বয়ে গঠিত বোর্ড অব্যাহতি দিয়েছেন।’ বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মাহতাব খামারু একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। জঙ্গিসংক্রান্ত একাধিক মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। এখন তিনি জামিনে আছেন।নাদিম মোস্তফার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। বারবার ফোন করলেও তিনি মুঠোফোন ধরেননি।