‘জনকল্যাণই আওয়ামী লীগের রাজনীতি’
৫০টি গরু ও ১৫টি ছাগল জবাই করে ভূরিভোজের মাধ্যমে অনুষ্ঠিত হলো নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের আলোচিত ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল মঙ্গলবার স্থানীয় চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং। প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, ‘জনকল্যাণই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল আলোকিত। উন্নয়নের এই সুফল এবং এর বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে। এ জন্য প্রয়োজন শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং সঠিক নেতৃত্ব তৈরি করা। ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ গণরায় নিয়ে ক্ষমতায় যেতে পারবে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ টি এম মহিব উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি ও সদর উপজেলা চেয়ারম্যান শিহাবউদ্দিন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সদস্য মিয়া মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান হানিফ চৌধুরী।দলীয় সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৫ সালে। এ কারণে এবারের সম্মেলন নিয়ে দলের সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। তবে সম্মেলনকে ঘিরে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে ৫০টি গরু ও ১৫টি ছাগল জবাই করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ লোকজনকে খাওয়ানোর আয়োজন নানা আলোচনার জন্ম দিয়েছে। বিকেলে দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের ভোটে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সভাপতি ও মো. হানিফ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।