৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।
বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হরতাল স্বতঃফূর্তভাবে পালন করে জনগণ শেখ হাসিনার প্রতি অনাস্থা জানিয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘এ সরকার অবৈধ। এ সরকারের নির্দেশে এখন আর দেশ চলবে না। তাদের বিদায় নিতে হবে।’
মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান।
এদিকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সমাবেশ চলাকালে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে।