‘জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জনগণ আজ মঙ্গলবার স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। গতকাল সোমবার বিকেলে হরতালের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি করেন। নগরের কাজীর দেউড়ি মোড়ে হরতালের সমর্থনে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি।ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে মানুষ মারছে। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সরকারের পতন না ঘটিয়ে জনগণ ঘরে ফিরবে না। আজ মঙ্গলবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে। রাজপথ থাকবে জনতার দখলে। যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ হবে। ওই সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে হরতালের সমর্থনে গতকাল বিকেলে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, হরতালে চট্টগ্রামের রাজপথ থাকবে বিএনপির নেতা-কর্মীদের দখলে। স্বতঃস্ফূর্ত হরতাল পালন করে চট্টগ্রামবাসী আবদুল্লাহ আল নোমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবে। কিন্তু শান্তিপূর্ণ হরতালে যদি সরকার বাধা দেয়, তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।