
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসনের গঠিত কমিটি। সেখানে বলা হয়, প্রকল্পটি পরিবেশবান্ধব হলেও জনগণকে ভুল বুঝিয়ে সেদিন পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল। এ ছাড়া এর পেছনে রাজনৈতিক ইন্ধনও ছিল।
গতকাল সোমবার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ আজ মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্প হলে ক্ষতিসহ নানা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়। আর এ কাজে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা লেয়াকত আলী।
মোমিনুর রশিদ বলেন, সেদিনের ঘটনায় পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কোনো গাফিলতি ছিল না। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। এ ছাড়া প্রতিবেদনে প্রকল্পটি বাস্তবায়নে জনগণের বিভ্রান্তি দূর করা এবং স্থানীয় প্রশাসনকে সংযুক্ত করার দুটি সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদন সম্পর্কে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, তদন্তে ঘটনার পেছনে স্থানীয় বিএনপির নেতা লেয়াকতের ইন্ধন পাওয়া গেছে। এ ছাড়া কমিটির করা সুপারিশ দুটি কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানতে চাইলে লেয়াকত অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পে লোকজনের ক্ষতি হবে, তাই তারা বিরোধিতা করছে। এটি বিএনপির আন্দোলন নয়, এলাকাবাসীর আন্দোলন। আর এস আলম গ্রুপ শিল্পকারখানার কথা বলে জনগণের কাছ থেকে জায়গা নিয়েছিল। বিদ্যুৎ প্রকল্পের জন্য নয়।
আরও পড়ুন