কক্সবাজারের মহেশখালীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ।
মহেশখালী উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, উপজেলা মৎস্য, হিসাবরক্ষণ অফিস ও উপজেলা কৃষি অফিস নিয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নেন ২৯ জন ভুক্তভোগী।
গণশুনানিতে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, ‘জনগণের টাকায় আপনাদের বেতন হয়। জনগণকে আরও ভালোভাবে সেবা দিতে হবে। যদি কেউ জনগণকে ঠিকমতো সেবা না দেন, তাঁরা আর চাকরি করতে পারবেন না। তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা জাফর আহমদ বলেন, ‘২০০৫ সালে বন্দোবস্তি ও শ্রেণি পরিবর্তন করার জন্য ভূমি অফিস ও ইউএনও অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ফাইল পাঠিয়েছি। পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে কয়েকবার তদন্ত করার পরও কাজ হয়নি। এখন ফাইল পড়ে আছে ভূমি অফিসে। কাজ করে দেওয়ার জন্য ভূমি অফিসের এক দালাল ২০ হাজার টাকা দাবি করে।’
এর জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্তি দেওয়ার এখতিয়ার কারও নেই।
পৌর এলাকার থানাপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ভূমি অফিসে নামজারি সহকারীরা বহিরাগত লোক রেখে নামজারি খতিয়ান করে দেওয়ার জন্য ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।
পৌর এলাকার সিকদারপাড়ার বাসিন্দা মাইনুদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নেই। বিকেল পাঁচটার পর চিকিৎসক থাকেন না।
এর জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী বলেন, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে তা ব্যবহার করা যাচ্ছে না। চিকিৎসকেরা নিয়মিত কর্মস্থলে থাকেন বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার ছাড়াও আরও বক্তব্য দেন সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, দুদকের বিভাগীয় পরিচালক আবু সায়েদ, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক ফিরোজ খান প্রমুখ।