‘জনগণের কাছে জনপ্রতিনিধির জবাবদিহি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত বলেছেন, জনগণের কাছে জনপ্রতিনিধির জবাবদিহি থাকতে হবে। জনমানুষের নেতৃত্ব দিতে হলে জনপ্রতিনিধিদের দেশকে ভালোবাসতে হবে। জনপ্রতিনিধিদের ভালোবাসায় বাংলাদেশ একদিন সত্যিকার অর্থে আরও এগিয়ে যাবে। মহাজোট সরকারের চার বছরের উন্নয়ন নিয়ে গত সোমবার বিকেলে কুমিল্লায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল বারকাত এসব কথা বলেন। বিকেল চারটায় নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে মহানগর যুবলীগের ব্যানারে ওই সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ। সমাবেশে কুমিল্লার ছয়টি ইউনিয়ন ও নগরের ১৮টি ওয়ার্ড থেকে প্রায় ৪০ হাজার নারী-পুরুষ অংশ নেন।