মগবাজার-মৌচাক উড়ালসড়ক (ফ্লাইওভার) এলাকার রাস্তা নিয়ে জনগণের আর কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফ্লাইওভার এলাকার রাস্তা যান চলাচলের উপযোগী হয়েছে। এ কারণে জনগণের দুর্ভোগও সহনীয় পর্যায়ে নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় ফ্লাইওভার-সংলগ্ন সড়কের সংস্কারকাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তড়িঘড়ি করে রাস্তা ঠিক করা হয়েছে—এ রাস্তা টেকসই হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা যা করুক না কেন, জনগণের পক্ষ থেকে তেমন অভিযোগ নেই। জনগণও খুশি, আমরাও খুশি।’
ওবায়দুল কাদের বলেন, জনদুর্ভোগের কথা শুনে কয়েকবার এই ফ্লাইওভার এলাকাটি পরিদর্শন করেছি। ফ্লাইওভার এলাকায় এসে ১০ দিনের সময় বেঁধে দিয়েছিলাম। সাত দিনেই রাস্তা চলাচলের উপযোগী হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর মগবাজার-মৌচাক ফ্লাইওভার এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওই দিন তিনি বলেন, ১০ দিনের মধ্যে রাস্তা চলাচল উপযোগী করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন। এ বিষয়ে গতকাল মন্ত্রী বলেন, ‘অনেকে বলেছেন আপনার মন্ত্রণালয়ের কাজ। আর আপনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেবেন—এটা কেমন কথা। আসলে এই প্রকল্প শুধু আমার মন্ত্রণালয় নয়, আরও অনেক মন্ত্রণালয় জড়িত। এই জন্য এমন কথা বলেছিলাম।’ তিনি বলেন, ২০১৫ সালের জুন মাসে ফ্লাইওভারের বাংলামোটর থেকে মগবাজার অংশের কাজ শেষ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকায় মেট্রোরেলের বাস্তব (ফিজিক্যাল) কাজ আগামী বছরের জুন মাসে শুরু হবে। মেট্রোরেলের ১৫টি স্টেশন থাকবে।