'জনগণের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের মাঝে কীভাবে দ্রুত সেবা পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে কাজ করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণশুনানিতে বক্তারা এ কথা বলেন।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বরকল উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা, ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা।
গণশুনানিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা বলেন, তিন মাস ধরে ইউএনওর পদ শূন্য। এ ছাড়া ১৬টি সরকারি প্রতিষ্ঠানের ৮টিতে প্রশাসনিক কর্মকর্তা নেই। দীর্ঘদিন ধরে এসব প্রশাসনিক পদ শূন্য থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তারা ন্যূনতম সেবা পাচ্ছে না।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, পার্বত্য চট্টগ্রামের সব উপজেলায় কর্মকর্তা-সংকট চলছে। পাশের উপজেলা থেকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা কষ্টকর।