'জনগণের সংবিধান প্রণয়ন করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিনির্ভর সংবিধান থেকে বেরিয়ে এসে প্রকৃতপক্ষে জনগণের ক্ষমতায়িত সংবিধান প্রণয়ন করতে হবে। আর এ জন্য প্রয়োজন সংবিধানের ব্যাপকভিত্তিক সংস্কার।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ৪১তম সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘স্বাধীন সত্তায় সমৃদ্ধি’ এ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ইনস্টিটিউট ফর কনস্টিটিউশন স্টাডি এবং চেঞ্জ মেকার সম্মিলিতভাবে এ সভার আয়োজন করে।
প্রধান আলোচক আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, সংবিধান নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে এবং এ আলোচনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবেই জনগণের মতের প্রতিফলন হবে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সংবিধানের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ই প্রধানমন্ত্রীকেন্দ্রিক। এ থেকে বেরিয়ে এসে জনগণের ক্ষমতায়িত সংবিধান প্রণয়ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমীন বেপারী, চেঞ্জ মেকারের তানভীর সিদ্দিকী, বাংলাদেশ ইনস্টিটিউট ফর কনস্টিটিউশন স্টাডির আরিফ খান প্রমুখ বক্তব্য দেন।