'জনগণের সেবার জন্য আমি এক নম্বর'
সারা দিন টঙের দোকানে বসে চা বিক্রি করেন। সেই সঙ্গে শোনেন মেহনতি মানুষের দুঃখ-দুর্দশার কথা। তাঁর মতো দরিদ্র ও শ্রমিকদের বিপদ-আপদে সহযোগিতা করেন সাধ্যমতো। সেই শ্রমজীবী মানুষদের নাগরিক সেবা দিতে চান চা বিক্রেতা রেজিয়া বেগম।
রেজিয়া এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ১৫ নম্বর ওয়ার্ডে (৪৩, ৪৪ ও ৪৫) প্রার্থী হয়েছেন। নির্বাচনে তাঁর প্রতীক হরিণ। দিনমজুর, রিকশাচালক ও শ্রমিকেরা নিজেদের কাজের ফাঁকে ফাঁকে হরিণ মার্কায় ভোট চেয়ে রেজিয়ার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় অবস্থিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে রেজিয়ার চায়ের দোকান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের সামনে পাতা বেঞ্চে বসে কথা হয় তাঁর সঙ্গে। ততক্ষণে বেশ কয়েকজন লোক জড়ো হন। তাঁরাও যোগ দেন আলাপচারিতায়।
নির্বাচন করার কারণ জানতে চাইলে রেজিয়া বলেন, ‘এলাকার মানুষই আমারে নির্বাচনে দাঁড়া করাইছে। জনগণের সেবার জন্য আমি এক নম্বর।’
স্বামী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে রেজিয়ার সংসার। দুই মেয়েকে ইতিমধ্যে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে পড়ে টঙ্গী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে। বড় ছেলে সম্প্রতি দুবাই গেছেন। বাড়িভাড়া থেকে মাসে আট হাজার টাকা ও চায়ের দোকানের আয় থেকেই চলে তাঁর সংসার।
পড়াশোনা করতে পারেননি রেজিয়া। শুধু নিজের নামটুকু সই করতে পারেন। বললেন, নির্বাচনে লড়ার জন্য প্রতিবেশী জসিম উদ্দিন ১০ হাজার পোস্টার ছাপিয়ে দিয়েছেন। আরেক প্রতিবেশী মো. নাজিম উদ্দিন পাঁচ হাজার লিফলেট তৈরি করে দিয়েছেন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিকেরা নিজেদের সাধ্যমতো আর্থিকভাবে সহযোগিতা করেছেন।