'জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে'
একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের উচিত, সব কাজে জনগণকে মূল্যায়ন করা। এটাই প্রকৃত জনসেবা।
গতকাল বৃহস্পতিবার সিলেটে ‘বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারী সমাবেশ-২০১৭’-এ প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বাংলাদেশের সব সিটি করপোরেশনের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীদের একই পরিবারভুক্ত অভিহিত করে বলেন, জনসেবার মানসে কাজ করতে হবে। তাহলে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো দূরত্ব থাকবে না।
সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের কর্মচারী সংসদের সভাপতি মো. আবদুল বাছিত।
সংসদের সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি আক্তার হোসেন দেওয়ান এবং ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন।
সমাবেশে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের কর্মচারীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা একাত্ম হন। সমাবেশ থেকে সিটি ও পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালুকরণ, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, সিটি ও পৌর বিধিমালা ৫৩(২), ৫৪(২) ও ৬৮ ধারাসহ সব কালো আইন বাতিল করে সিটি ও পৌর কর্মচারীদের সব বিধি যুগোপযোগীকরণ এবং সব ধরনের মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা চালু এবং সিটি ও পৌরসভার সব সংরক্ষিত পদে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও সিলেকশন গ্রেড দেওয়ার দাবি জানানো হয়।
এ দাবির প্রতি একাত্মতা জানিয়ে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আলম, রংপুর সিটি করপোরেশনের প্রতিনিধি শহীদুল ইসলাম, বরিশালের নূর খান, ঢাকা উত্তরের আলতাফ হোসেন সরকার, ঢাকা দক্ষিণের কুতুবউদ্দিন সোহেল।
সিটি ও পৌর কর্মকতা-কর্মচারীদের দাবিদাওয়া আদায়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন পরিচালনা করে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন।