‘জনগণের’ সাংসদ ও সড়কের নামকরণ
রাষ্ট্রীয় সিদ্ধান্তে হবিগঞ্জের নছরতপুর-কামরাপুর সড়কের নামকরণ করা হয় মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর নামে। কিন্তু সড়কের নামফলক স্থাপনের এক সপ্তাহের মধ্যেই রাতের আঁধারে তা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সাংসদের দাবি, সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া যেহেতু সড়কটি নির্মাণ করেছেন, তাই তাঁর নামে সড়কটির নামকরণের জন্য এলাকাবাসী ফলকটি ভেঙে ফেলেছে।এ বিষয়ে প্রয়াত কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর নামফলকটি ভেঙে ফেলা দুঃখজনক। এতে একজন মুক্তিযেদ্ধাকে অসম্মান করা হয়েছে। আমার বাবা মানিক চৌধুরীকে চিনতেন ও জানতেন। তিনি বেঁচে থাকলে এ ঘটনায় দুঃখ পেতেন। ছোটখাটো একটি সড়ক নিয়ে বিতর্ক তৈরি হোক, তা আমরা চাই না। আমরা শাহ এ এম এস কিবরিয়াকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই।’ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ জানুয়ারি হবিগঞ্জে কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ১৭তম মৃত্যুবাষির্কী ও স্মরণসভায় উপস্থিত ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাসহ সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের নেতারা। সভায় হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোলচত্বরকে এলাকার সন্তান প্রয়াত মেজর জেনারেল (অব.) এম এ রব বীর উত্তমের নামে ও হবিগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত পুরাতন রেল সড়কের ওপর নির্মিত নছরতপুর-কামরাপুর সড়কটি কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক নামে নামকরণের দাবি তোলা হয়। ২০০৯ সালের ৫ জানুয়ারি শায়েস্তগঞ্জ চত্বরকে মুক্তিযোদ্ধা এম এ রব চত্বর ও নতুন সড়ককে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ গত ১ এপ্রিল এ সড়কের সম্মুখে নছরতপুর এলাকায় কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়কের নামফলক লাগায়। কিন্তু এক সপ্তাহের মাথায় কে বা কারা ফলকটি ভেঙে গুঁড়িয়ে দেয়।হবিগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাহিরের দাবি, শাহ এ এম এস কিবরিয়ার নামে নামকরণের দাবি নিয়ে এ ফলক ভেঙে দিয়েছে জনগণ। কারণ সড়কটি যার নামে করা হয়েছে, তিনি এ এলাকার সাংসদ ছিলেন না। তাই এ নাম যথার্থ নয়।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন সাবেক উপদেষ্টা আকবর আলি খান, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও আনোয়ার হোসেন। সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষে মহাসচিব লে. জেনারেল (অব.) হারুনুর রশিদ বীর প্রতীক অপর এক বিবৃতিতে বলেন, একজন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামফলক ভেঙে দেওয়া জাতির জন্য কলঙ্কজনক। তিনিও ফলক অপসারণের সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।ফলক ভাঙার বিষয়ে হবিগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। সাংসদ আবু জাহির বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি। জনগণ যা চাইবে, তা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। যে কারণে আমি কিবরিয়ার নামে সড়কটির নামকরণ করতে চাই।’ কিবরিয়ার পরিবারে আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘এটি তাদের পরিবারের সিদ্ধান্তের বিষয় নয়, এলাকার জনগণের দাবি। আমি জনগণের পক্ষে কাজ করব।’