চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার দাবিতে ‘জনজট’ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইপিজেড মোড়ে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে ‘যাত্রী স্বার্থ সংরক্ষণ নাগরিক কমিটি’ নামের একটি সংগঠন। পাঁচ মিনিটের এই কর্মসূচি পালন করার সময় ইপিজেড এলাকার সড়কে যানজট আরও বেড়ে যায়।
গতকাল বিকেল চারটায় ইপিজেড গোল চত্বরের চারদিকে আন্দোলনকারীরা বৃত্তাকারে দাঁড়িয়ে ‘জনজট’ তৈরি করে। এতে বিমানবন্দর থেকে আসা এবং বিমানবন্দরগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ইপিজেড এলাকার যানজটের ব্যাপকতা আরও বাড়ে। পাঁচ মিনিট পর ‘জনজট’ তুলে নিলেও যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যায়।
‘জনজট ‘কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। বক্তব্য দেন বন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোরশেদ আলম।
কর্মসূচিতে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম সল্টগোলা ক্রসিং থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যানজট নগরের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রায় অচল করে দিচ্ছে। এই এলাকায় বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও কেইপিজেড, নৌবাহিনী ও বিমানবাহিনীর স্থাপনা, দেশের প্রধান তেল শোধনাগার, কাস্টমস কার্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। অথচ কিছু স্বার্থপর ব্যক্তির লোভ আর চরম অব্যবস্থাপনার শিকার হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়ক।