'জনতা সুন্দরবন ধ্বংসের চক্রান্ত রুখে দেবে'
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, লংমার্চের মধ্য দিয়ে সারা দেশের দেশপ্রেমিক জনতা একত্র হয়েছে। এ জনতা সুন্দরবন ধ্বংসের সব চক্রান্ত রুখে দেবে।
আজ শনিবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন কোর্ট চত্বরে লংমার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এই লংমার্চে যাঁরা যোগ দেননি, কিন্তু সুন্দরবন ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার আছেন, তাঁদের প্রতি নিজ নিজ এলাকায় ‘সুন্দরবন রক্ষা কমিটি’ গড়ে তোলার আহ্বান জানান জাতীয় কমিটির আহ্বায়ক।
সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকারি নানা ধরনের তত্পরতায় ইতিমধ্যে সুন্দরবন ক্ষতবিক্ষত হয়ে গেছে। রামপাল বিদ্যুেকন্দ্র স্থাপনের মধ্য দিয়ে একে চিরতরে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি বলেন, ‘আমাদের যেহেতু বিদ্যুতের সংকট আছে, বিদ্যুত্ আমাদের প্রয়োজন, তাই বিদ্যুত্ উত্পাদনের বিষয়টি আমাদের সামনে মুলো হিসেবে ঝুলোনো হয়েছে। তবে এর পেছনে রয়েছে সুন্দরবনকে চিরতরে ধ্বংস করে দিয়ে একে মুনাফার রসদে পরিণত করার চক্রান্ত। এরই মধ্যে নানা দেশি-বিদেশি কোম্পানি সুন্দরবনের আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছে। এসব আয়োজন বাস্তবায়িত হলে বাংলাদেশকে মায়ের মতো আগলে রাখা সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এ চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না।’
আনু মুহাম্মদ আরও বলেন, ‘সব চক্রান্ত বানচাল করে আমরা বাগেরহাটে পৌঁছেছি। সব বাধা অতিক্রম করে রামপালে পৌঁছাব। সুন্দরবনকে আমরা রক্ষা করে ছাড়বই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বাম রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রায় ২০ হাজার মানুষ যোগ দিয়েছে। এখন সেখানে সাংস্কৃতিক সমাবেশ হচ্ছে। কিছু সময় পর লংমার্চটি রামপালের উদ্দেশে রওনা হয়ে রামপালের দ্বিগরাজ এলাকায় যাবে। সেখানে বেলা তিনটায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সেখান থেকে জাতীয় কমিটি সুন্দরবন রক্ষায় পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে। এরই মধ্যে খুলনা, যশোর, বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ হাজার মানুষ লংমার্চে যোগ দিয়েছে।
এর আগে বেলা একটার দিকে বাগেরহাটে প্রবেশ করে লংমার্চের কাফেলা। বাগেরহাট শহরে পৌঁছানোর পর হাজারো মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাদের স্বাগত জানায়।
খুলনায় সমাবেশ
খুলনা ছাড়ার আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে নগরের শহীদ হাদিস পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় কমিটির খুলনা জেলা আহ্বায়ক মনোজ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আনু মুহাম্মদ বলেন, বিদ্যুেকন্দ্র তৈরি হলে প্রথম আঘাত আসবে সুন্দরবনের ওপর। সুন্দরবন ধ্বংস হলে হাজারো মানুষ প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। সুন্দরবনে থাকা প্রাণিকুল মারা যাবে। রামপালের খুব কাছে খুলনা নগর। তাই এখানেও এর প্রভাব হবে তীব্র।
এ সময় শহীদ হাদিস পার্ক ও এর আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।