‘জনতার ইলিয়াসকে জনতার কাছে ফিরিয়ে দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এম ইলিয়াস আলী জনতার। জনতার ইলিয়াসকে জনতার কাছে ফিরিয়ে দিতে হবে।’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তারা সরকারের প্রতি এই দাবি জানান।প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে তাঁর গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন।নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিদ্যুৎ-কৃষি উপকরণের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটায় নগরের কোর্ট পয়েন্টে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিএনপির একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সহসভাপতি তারেক আহমদ চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও নগরের যুগ্ম সম্পাদক আজমল বখত চৌধুরী।আজ ও কাল সমাবেশ: ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আজ সোমবার ও কাল মঙ্গলবার সিলেটে সমাবেশ আহ্বান করা হয়েছে।আজ সোমবার নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ ডেকেছে জেলা ও নগর বিএনপি। কাল মঙ্গলবার ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ আরেকটি সমাবেশ আহ্বান করেছে। গতকাল রোববার থেকে সমাবেশের প্রচারণা শুরু হয়েছে। নগরের কোর্ট পয়েন্টে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’-এর সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথির এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহম্মেদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বিশেষ অতিথির বক্তব্য দেবেন।পরিষদের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান জামান প্রথম আলোকে বলেন, ‘সমাবেশে সিলেটের জনগণের উপস্থিতি প্রমাণ করবে, সিলেটবাসী তাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে যেকোনো মূল্যে ফেরত চায়। কারণ, ইলিয়াস আলী তাঁর কর্মের মাধ্যমে সিলেটবাসীর হূদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।’এদিকে তিন মাসেও ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় গতকাল বিকেলে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।