'জনতার কাঠগড়ায়' সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের আগে প্রার্থীরা ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে ভোট চান। ভোটের পর জনপ্রতিনিধিদের আর কাছে পান না। সেই জনপ্রতিনিধি যদি এলাকার সংসদ সদস্য হন তাহলেও সাধারণ মানুষ তাঁর ধারেকাছে ভিড়তে সাহস পায় না। তাঁকে এলাকার ভালো-মন্দ নিয়ে প্রশ্ন করা তো দূরের কথা। কিন্তু জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ তাঁর এলাকাবাসীর মুখোমুখি হন।
সাংসদ গতকাল বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকার (আক্কেলপুর উপজেলা) কৃষক, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন তিনি।
গতকাল উপজেলা পরিষদ চত্বরে ‘জনতার মুখোমুখি’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আক্কেলপুর প্রেসক্লাব অনুষ্ঠানটির আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা ও সাধারণ সম্পাদক মিনার হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানটি বিকেল চারটায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাত পর্যন্ত চলে। দলীয় নেতা-কর্মী ও এমনকি তাঁর (সাংসদ) বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, তা বলতে অনুরোধ জানানো হয় এলাকাবাসীকে। প্রকাশ্য বলতে ভয় পেয়ে থাকলে নাম ও পরিচয় গোপন রেখে লিখিত প্রশ্ন দিতে বলা হয় এলাকাবাসীকে।
চাকরিজীবী আবদুল জলিল বলেন, ‘আগে এই এলাকার অনেকেই সংসদ সদস্য হয়েছিলেন। কখনো তাঁদের জনগণের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে দেখিনি। সাংসদ জনগণের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন, এটি একটি ব্যতিক্রমী ঘটনা।’
শিক্ষক নাজমা পরভিন বলেন, এলাকার অনেকের পক্ষে ঢাকায় গিয়ে সাংসদের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠে না। তাই তাঁর সঙ্গে এলাকার এসব মানুষের কখনো কথা বলারও সুযোগ হয় না। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে সাংসদকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছেন তাঁরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবদুস ছালাম বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। সংসদ সদস্য মহোদয় এখানে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক দেওয়ার ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
প্রেসক্লাবের নেতা ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, অনুষ্ঠানে সাংসদ আবু সাঈদ আল মাহমুদ প্রায় আড়াই শ প্রশ্নের জবাব দিয়েছেন। কেউ প্রকাশ্যে প্রশ্ন করতে ভয় পেলে সাংসদ তাকে পরিচয় গোপন রেখে লিখিতভাবে প্রশ্ন করেতে বলেন।