'জনতা-পুলিশের মিলিত শক্তি শান্তিপূর্ণ পরিবেশ গড়বে'
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জনতা-পুলিশের মিলিত শক্তি একটি সন্ত্রাস, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গঠন করবে। দিনাজপুর পুলিশ লাইনস মাঠে গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শহীদুল হকের স্ত্রী শামসুন্নাহার রহমান, রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। এ ছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ছাড়াও রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার, তাঁদের স্ত্রী ও দিনাজপুর পুলিশের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল চারটায় পুলিশ লাইনস মাঠে এ কে এম শহীদুল হক পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।