‘জনপ্রতিনিধি হয়েও আমি নির্যাতন নিপীড়নের শিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নির্যাতন-নিপীড়নের শিকার। কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও তাঁর সহযোগীদের কাছে কেউই নিরাপদ নয়।’বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গত রোববার বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে তাঁকে জড়িয়ে চেয়ারম্যান আবুল কালাম ও তাঁর সহযোগীদের অপপ্রচারের প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেন। মহিলা ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, ‘চেয়ারম্যান আবুল কালাম দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। তাঁর সহযোগী জুলফিকার আলী ভুট্টো ও মমতাজ উদ্দিনও উত্ত্যক্ত করলে বিষয়টি চেয়ারম্যানকে জানাই। কিন্তু তাঁরা বিভিন্ন পত্রপত্রিকায়, ইন্টারনেটে, ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে পরিবার ও কর্মস্থলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যানের বাবা, স্থানীয় একটি সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলিসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।গত শনিবার চেয়ারম্যান আবুল কালাম স্থানীয় ইউএনও এবং মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তিনি ইউএনওর স্বেচ্ছাচারিতা ও মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ করেন।উপজেলা চেয়ারম্যান আবুল কালাম নির্যাতন-নিপীড়নের অভিযোগ অস্বীকার করে গতকাল রাতে বলেন, তাঁর মানহানি করার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে।