'জনপ্রতিনিধিরা আন্তরিক হলে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না'
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, রোহিঙ্গারা যাতে কোনোভাবে ভোটার হতে না পারে, সে জন্য নির্বাচন কমিশন বিশেষ নজর রাখছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা দেশের প্রতি আন্তরিক হলে কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না।
কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
মতবিনিময় সভায় মো. জাবেদ আলী বলেন, যথাসময়ে পৌরসভা নির্বাচন শেষ করতে কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সব রাজনৈতিক দলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ ইকবাল। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন ও তাহেরা আক্তার, পৌর মেয়র মো. ইসলাম ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার।