'জনপ্রতিনিধি' পেলেন না ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতেই একক প্রার্থী থাকায় শুধু নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন হবে। এতে ওই চার আসনের ভোটাররা তাঁদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
ভোটারদের অনেকে জানান, তাঁরা ভোট দিতে না পারায় সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ ও অন্য এলাকার লোকজন সাংসদ নির্বাচিত হবেন। এতে তাঁদের ভোগান্তি বাড়বে।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে একই দলের লিয়াকত হোসেন ওরফে খোকা একক প্রার্থী। ফলে এ চার আসনে নির্বাচন হচ্ছে না।
নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম সম্পর্কে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের বাসিন্দা আকাশ সিকদার বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে নজরুল ইসলামের সম্পদের পরিমাণ কত গুণ বেড়েছে, তা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৈধ ব্যবসা ছাড়া পাঁচ বছরে বিপুল পরিমাণ সম্পদের মালিক কীভাবে হলেন তিনি?
কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা তমিজুল ইসলাম বলেন, এবার ভোট দেওয়ার সুযোগ পেলে নজরুল ইসলামের কাজের মূল্যায়ন ভোটাররা করতে পারতেন।
নারায়ণগঞ্জ-৩: ‘যাঁর নাম কেউ জানে না, যাঁর চেহারা কেউ কোনো দিন দেখেনি, তিনি হতে যাচ্ছেন আমাদের এমপি। মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়া ওই ব্যক্তি কীভাবে মানুষের সেবা করবেন?’
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের একমাত্র প্রার্থী সম্পর্কে এ মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলার গোপেরবাগ গ্রামের বাসিন্দা আজমত উল্লাহ।
এ আসনের বর্তমান সাংসদ আবদুল্লাহ আল কায়সারের বদলে তাঁর আপন চাচা মোশারফ হোসেনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরে দলের নির্দেশে মোশারফ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ কারণে এ আসনে একমাত্র প্রার্থী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লিয়াকত হোসেন।
সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের বাসিন্দা মিজানুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি, আমাদের এলাকার একমাত্র প্রার্থী নারায়ণগঞ্জের নাসিম ও শামীম ওসমানের লোক। তাই আমরা এ প্রার্থী নিয়ে আতঙ্কে আছি।’
নারায়ণগঞ্জ-৪: সরকারিভাবে গেজেট প্রকাশের আগেই শামীম ওসমান সংবর্ধনা নেওয়া শুরু করেছেন। বিজয় দিবসের কর্মসূচির নামে ১৬ ডিসেম্বর ইসদাইর এলাকায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে শামীম ওসমান নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর কী ধরনের উন্নয়নকাজ করবেন, তার একটি রূপরেখা দিয়েছেন।
ইসদাইর এলাকার বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ইসদাইর এলাকাটি ফতুল্লা অঞ্চলে পড়েছে। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে শামীম ওসমান ফতুল্লা অঞ্চলে পরাজিত হয়েছেন। এবারও তিনি নিশ্চিত পরাজিত হতেন। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ফতুল্লাবাসীর ভোট ছাড়াই শামীম ওসমান এমপি হয়ে যাবেন।
কাশীপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকার বাসিন্দা জিন্নত আলী জানান, শামীম ওসমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, জমি দখল, চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগেই শামীম ওসমানের ক্যাডাররা বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্যবসায়ীদের ফোন করে দেখা করার জন্য ‘সালাম’ জানানো হচ্ছে। এসব কারণে জনমনে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।
নারায়ণগঞ্জ-৫: একই অবস্থা নাসিম ওসমানের নির্বাচনী এলাকায়। বন্দর উপজেলার গোকুলদাসেরবাগ এলাকার বাসিন্দা রহিম বক্স জানান, নাসিম ওসমানের নির্বাচনী এলাকার পুরোটাই সিটি করপোরেশনের অন্তর্গত। এই আসনের কোনো কেন্দ্রে তাঁর ভাই শামীম ওসমান মেয়র পদে জিততে পারেননি। নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বিরুদ্ধে ১২টি খুনের অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা ইকবাল কবির বলেন, নাসিম ওসমান গত পাঁচ বছরে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় এবং নিতাইগঞ্জে সিটি করপোরেশনের রাস্তা দখল করে ট্রাক টার্মিনাল বানিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রমাণ করে দিত, নাসিম ওসমান কতটুকু জনপ্রিয়।