মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশের ‘জনবিচ্ছিন্ন’ বাম রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এর মধ্য দিয়েই বাম দলগুলোর প্রতি জন-আস্থা ফিরিয়ে এনে জনমুখী রাজনৈতিক ধারার প্রতিষ্ঠা সম্ভব হবে।
উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, তেভাগা আন্দোলনের নেতা ও ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ আলোচনার আয়োজন করে।
আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও পলিট ব্যুরোর অন্যতম সদস্য বিমল বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং প্রবীণ সাংবাদিক শুভ রহমান।
অমল সেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শুভ রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে অমল সেনের অবদান তুলে ধরে বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বাম দলগুলোর মধ্যে যে বিভক্তি, তার দরুন তৈরি হয়েছে নিদারুণ জনবিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা না ঘুচিয়ে শুধু মার্ক্সবাদের কথা বললেই বিপ্লব হবে না।’
শুভ রহমানের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন পঙ্কজ ভট্টাচার্য। এ বিচ্ছিন্নতা থেকে উত্তরণে অমল সেনের জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
তাই বিষয়টিকে ‘খোলা মন, খোলা দৃষ্টিভঙ্গি’ নিয়ে অনুসন্ধানের আহ্বান জানান অজয় রায়। আর ‘দলে-উপদলে-গোষ্ঠীতে’ বিভক্ত বাম দলগুলোকে জনবিচ্ছিন্নতা থেকে জনসম্পৃক্ততার জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যের বিকল্প দেখছেন না কামাল লোহানী। একই সঙ্গে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করার জন্য অমল সেনের পরামর্শও মনে করিয়ে দেন তিনি। আর এ জন্য বাম দলগুলোকে ‘অভিজ্ঞতার মিলন ঘটিয়ে’ এগিয়ে যাওয়ার আহ্বান জানান খালেকুজ্জামান।
এদিকে জনবিচ্ছিন্নতার এই প্রশ্নকে ‘যুক্তিসংগত’ বলে মেনে নেন মুজাহিদুল ইসলাম সেলিম। সিপিবি সভাপতির মতে, বাম আন্দোলনের ‘গুণগত’ পরিবর্তনের জন্যই ঐক্য জরুরি।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘যদিও আমরা ১৪ দলে আছি কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে, এটাও বলতে পারি না। তাহলে পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকত না।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম ও কমরেড অমল সেন’ শীর্ষক প্রবন্ধ পড়েন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। অমল সেন সম্পর্কে তিনি বলেন, ‘তিনি (অমল সেন) এক পরিপূর্ণ জীবন যাপন করে গেছেন। তাঁর যৌবনের দিনগুলোর বিচারেই এ কথা বলা যায়। বস্তুত তাঁর যৌবনে তিনি যে কৃষক আন্দোলন গড়ে তোলেন, তা কেবল কৃষকের অর্থনৈতিক দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ওই আন্দোলন বিস্তৃত হয়েছে ওই অঞ্চলের কৃষকদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠায়, সমাজ জীবনের পরিবর্তনে।’
১৯১৪ সালের এই দিনে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্ম নেন অমল সেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে পড়ার সময় তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং এই অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। সে সময় তাঁর বাবার জমিদারির বিরুদ্ধে আন্দোলন তাঁকে আরও বেশি পরিচিত করে তোলে। আর ১৯৪৬-এর তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি কিংবদন্তিতে পরিণত হন।