দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১০ লাখ
'জনসংখ্যা নিয়ন্ত্রণে কিশোরীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হচ্ছে'
জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যদি কিশোরী ও তরুণীদের সচেতন করা যায়, সমাজে শিক্ষিত মা তৈরি করা যায়, তাহলে মা ও শিশুমৃত্যুর হার কমে আসবে, জনসংখ্যাও বাড়বে না।’
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে বাংলাদেশ। এবার পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে ২১ জুলাই বাংলাদেশে জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’।
প্রতিমন্ত্রী বলেন, ‘মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে কিশোর-কিশোরীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কিশোর-কিশোরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে দেশের ১০০টি সেবাকেন্দ্রে কিশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম জানান, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১০ লাখ। আর মোট প্রজনন হার ২ দশমিক ৩। কয়েক বছর ধরেই জনসংখ্যা বৃদ্ধির হার এই জায়গায় স্থির রাখাটা সাফল্য। তবে এটি কমিয়ে ২-এ নামিয়ে আনার লক্ষ্যে চেষ্টা চলছে।