'জনস্বার্থ বিঘ্নিত হলে ইন্টার্ন চিকিত্সকদের সনদ বন্ধ করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেছেন, ‘আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি, ইন্টার্ন চিকিত্সকেরা প্রায়ই ধর্মঘট করেন। চিকিত্সা কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। জনস্বাস্থ্য বা জনস্বার্থ বিঘ্নিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্নি চিকিত্সকদের সনদ ইস্যু বন্ধ করা হবে।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘটে জড়িত শিক্ষানবিশ চিকিত্সকদের সনদপত্র ইস্যু না করাসহ তিন দফা দাবিতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন। রাজশাহী মেডিকেল কলেজ প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম মোস্তফা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা অন্য দাবিগুলো হলো—রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিত্সকদের চিহ্নিত করে একাডেমিক ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কমপক্ষে দুটি কেবিন সংরক্ষণ করা।

এসব দাবির বিষয়ে উপাচার্য শিক্ষানবিশ চিকিত্সকদের ব্যাপারে  কথা বলেন।

গত রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালান শিক্ষানবিশ চিকিত্সকেরা। এতে ১০ জন সাংবাদিক আহত হন। বেসরকারি কয়েকটি টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করা হয়। যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন রাসেল মাহমুদকে উন্নত চিকিত্সা জন্য ঢাকায় পাঠানো হয়।