‘জনস্বার্থ-সংশ্লিষ্ট’ অধ্যাদেশকে বৈধতা দিতে সংসদীয় কমিটির সায়
দুই সামরিক সরকারের শাসনামলে জারি করা ‘জনস্বার্থ-সংশ্লিষ্ট’ অবৈধ অধ্যাদেশকে বৈধতা দিতে যাচ্ছে সরকার। ওই অধ্যাদেশগুলোর কার্যকারিতা অব্যাহত রাখতে রাষ্ট্রপতির জারি করা নতুন দুটি অধ্যাদেশের ব্যাপারে সায় দিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।তবে সম্ভাব্য সমালোচনা এড়াতে সংসদীয় কমিটি বিলে নতুন শর্ত দিয়ে বলেছে, অধ্যাদেশগুলো কার্যকর করা হলেও এর মাধ্যমে সামরিক শাসনামলের কর্মকাণ্ডকে অনুমোদন বা সমর্থন দেওয়া হয়েছে বলে বিবেচিত হবে না। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলো কার্যকারিতা হারায়। একইভাবে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলোও কার্যকারিতা হারায়। হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট সামরিক শাসনামলে করা সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন, যা সুপ্রিম কোর্ট কিছু পরিমার্জনা সাপেক্ষে বহাল রাখেন। ২০১১ সালের ১১ মে সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী-সম্পর্কিত পুনর্বিবেচিত রায়ে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বাদ দিয়ে এ বিষয়ে নতুন আইন সংসদে পাস করিয়ে নেওয়ার জন্য ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেন। কিন্তু সরকার এ সময়ের মধ্যে নতুন আইন করতে ব্যর্থ হয়। এরপর সুপ্রিম কোর্ট চলতি বছরের জুন পর্যন্ত সময় বাড়ান। এর পরও এ বিষয়ে অগ্রগতি হয়নি। উল্টো ৫৪৬টি অধ্যাদেশের কার্যকারিতা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি গত ২১ জানুয়ারি নতুন অধ্যাদেশ জারি করেন। এটি গত মঙ্গলবার বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের কাজের ধারাবাহিকতা রক্ষায় এবং জনস্বার্থে এসব অধ্যাদেশ কার্যকর করা আবশ্যক। আইন অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ দুটি ২৬ ফেব্রুয়ারির মধ্যে পাস করতে হবে।কমিটি বিলে নতুন শর্ত দিয়ে বলেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকর করা হলেও এর যতটুকু বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট, শুধু ততটুকু গ্রহণ করা হয়েছে মর্মে গণ্য হবে। এর মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতায় আসীন সামরিক শাসনামলের কোনো কৃতকর্মের অনুমোদন বা সমর্থন দেওয়া হয়েছে বলে বিবেচিত হবে না। একই শর্ত দেওয়া হয়েছে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত জারি করা অধ্যাদেশ সম্পর্কেও। বৈঠক শেষে কমিটির সদস্য আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘আদালত সামরিক শাসনামলের সব কর্মকাণ্ডকে অবৈধ বলেছেন। আমরাও একে অবৈধ বলেছি। এখন কেন বৈধতা দিচ্ছি, তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সেটা এড়ানোর জন্য বিলের চতুর্থ দফায় শর্তাংশ জুড়ে দেওয়া হয়েছে।’ বৈঠক সূত্র জানায়, কমিটি মন্ত্রণালয়ের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে। এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ কমিটিকে বলেছেন, আইনগুলো প্রক্রিয়া করতে এবং মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেতে সময় লেগেছে। আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয় পৃথক বিল আনবে। তত দিন পর্যন্ত অধ্যাদেশগুলোর কার্যকারিতা রক্ষায় নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। সংসদীয় কমিটি যেদিন প্রতিবেদন দেবে, তার পরের দিন বিল পাস হবে।’ কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আবদুল মতিন খসরু, রহমত আলী, জিয়াউল হক মৃধা ও ফজিলাতুন নেসা (বাপ্পি) অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।