'জনস্বার্থে' অবসরে ভুয়া মুক্তিযোদ্ধা যুগ্ম সচিব
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদারকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবুল কাসেম তালুকদারের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে মনে করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন ১৯৭৪ এর ৯(২) ধারায় সরকার তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিল। তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।’
এর আগে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানো স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন ৬ নভেম্বর স্বেচ্ছা অবসরে যেতে বাধ্য হন।
স্বাস্থ্যসচিবের পর স্বেচ্ছা অবসরে পিএসসি সচিবস্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, পিএসসির সচিব এ কে এম আমির হোসেনসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রথম আলোতে গত ২২ জানুয়ারি ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হয়েও স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, পিএসসির সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অসদাচরণের অপরাধ করেছেন।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চারজনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।