জনস্বাস্থ্য গবেষণার গুরুত্ব শীর্ষক সেমিনার
'জনস্বাস্থ্য গবেষণায় মানুষের মর্যাদা গুরুত্বপূর্ণ'
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি জৈব-পরিসংখ্যান ও রোগতত্ত্ববিদ ঋষিকেশ চক্রবর্তী বলেছেন, জনস্বাস্থ্য সম্পর্কিত যেকোনো গবেষণায় মানুষের মর্যাদা গুরুত্বপূর্ণ। যাদের নিয়ে বা যাদের ওপর গবেষণা করা হবে, সেসব মানুষের সম্মান রক্ষা করা গবেষকের নৈতিক দায়িত্ব। গবেষণায় অংশ নেওয়া মানুষ যেন উপকার পায় এবং তারা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব গবেষকের।
রাজধানীতে গতকাল শুক্রবার বিকেলে ‘জনস্বাস্থ্য গবেষণার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনের সময় ঋষিকেশ চক্রবর্তী এসব কথা বলেন। বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এই সেমিনারের আয়োজন করে। ঋষিকেশ চক্রবর্তী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জৈব-পরিসংখ্যান ও রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ও সহযোগী অধ্যাপক।
সেমিনারে মূল বক্তা ঋষিকেশ চক্রবর্তী বলেন, নতুন রোগ মোকাবিলা, চিকিৎসার নতুন পদ্ধতি প্রয়োগ অথবা নতুন ওষুধ ব্যবহারের আগে গবেষণা অপরিহার্য। তবে যেকোনো গবেষণার জন্য নৈতিক মানদণ্ড মেনে চলতে হবে। এ ব্যাপারে নৈতিকতা সম্পর্কিত কমিটির ছাড়পত্র নিতে হবে।
সেমিনারের প্রধান অতিথি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক আবদুল মালেক বলেন, গত শতাব্দীর আশির দশক থেকেই বোঝা যাচ্ছিল এ দেশে হৃদরোগের প্রকোপ বাড়ছে। একসময় এ দেশে বাতজনিত হৃদরোগের প্রকোপ বেশি ছিল, এখন আর তা নেই বললেই চলে। তিনি বলেন, রোগের এই ধরন পরিবর্তন নিয়ে গবেষণা হওয়া খুব জরুরি। তবে গবেষকদের এ ব্যাপারে আন্তরিক ও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে ওই বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ডিন অধ্যাপক আহমদ ইসমাইল মোস্তফা, জনস্বাস্থ্য বিভাগের প্রধান মো. শাহজাহান, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আমিরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। আমিরুল হাসান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ছিলেন। গত ২১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে ওই পদ থেকে অপসারণ করে ওএসডি করে এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।