‘জন্মদিনের’ অনুষ্ঠান শেষে খুন হলো স্কুলছাত্র জাকারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন্মদিনের’ অনুষ্ঠান শেষে সহপাঠীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে কুমিল্লা মডার্ন হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাঈন জাকারিয়া নিলয়। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নগরের নতুন চৌধুরীপাড়া কবরস্থান এলাকায় ওই ঘটনা ঘটে। ওই সময় জাকারিয়ার আরেক সহপাঠী একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তাহফিম আলিম বিন আজাদ গুরুতর আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ওই ঘটনায় জাকারিয়ার মামা আরিফুর রহমান কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নগরের ধর্মপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি পরিবহন কোম্পানির কর্মকর্তা আবদুল হালিমের ছেলে জাকারিয়ার জন্মদিন ছিল সোমবার। সন্ধ্যা সাতটায় পরিবারের সদস্যরা কেক কেটে তার জন্মদিন পালন করেন। রাত নয়টার দিকে অনুষ্ঠান শেষ করে বাসা থেকে জাকারিয়া বের হয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে নতুন চৌধুরীপাড়া এলাকায় যাচ্ছিল।ওই সময় তার সঙ্গে ছিল নগরের মধ্য রেসকোর্স এলাকার বাসিন্দা এবং কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ছেলে তাহফিম আলিম বিন আজাদ, ধর্মপুরের সোহেল ও আকিব। তারা নতুন চৌধুরীপাড়া কবরস্থানের সামনে এলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা পশ্চিম বাগিচাগাঁও এলাকার বিকি রহমান, কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ও কুমিল্লা মডার্ন হাইস্কুলের সপ্তম শ্রেণীর আরেক শিক্ষার্থী, স্থানীয় আরেক ব্যক্তি মোজাম্মেল তাদের গতিরোধ করে। একপর্যায়ে জাকারিয়া ও তাহফিমের ওপর অতর্কিত হামলা চালায় তারা। ওই সময় তারা ছোরা ও চাপাতি দিয়ে জাকারিয়া এবং তাহফিমকে উপর্যুপরি আঘাত করে।আহতাবস্থায় জাকারিয়া ও তাহফিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকারিয়া মারা যায়। অন্যদিকে তাহফিমকে রাতভর চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় ঢাকায় নেওয়া হয়। গতকাল সকালে ময়নাতদন্ত শেষে জাকারিয়ার মরদেহ ধর্মপুরের বাড়িতে আনা হয়।একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে জাকারিয়ার বাবা-মা ও বোনদের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। গতকাল বিকেলে শহরতলির চম্পকনগরে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জাকারিয়া হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তার সহপাঠীরা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাকারিয়া মেজ। তার বড় বোন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে আর ছোট বোন কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে।আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ছেলে জাকারিয়াকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে আসি।’জাকারিয়া খুনের ঘটনায় গতকাল দুপুরে তার মামা আরিফুর রহমান কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মাহফুজ আহমেদ বলেন, ‘মামলায় মোজাম্মেলসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে আর কিছু বলতে চাই না। আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে।’