'জব্বারের নির্দেশে ভাইকে হত্যা করে রাজাকাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মোজাম্মেল হক শরীফ। জবানবন্দিতে তিনি বলেছেন, জব্বারের নির্দেশে রাজাকাররা তাঁর ভাই মোতালেব শরীফকে গুলি করে হত্যা করে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দিতে মোজাম্মেল হক বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার ফুলঝুড়ি গ্রামে। একাত্তরে তাঁর বড় ভাই মোতালেব ও আবদুর রাজ্জাক বিশ্বাস মুক্তিযোদ্ধাদের সংগঠিত করছিলেন। এ খবর জানার পর ১৯৭১ সালের ১৬ মে তুষখালী হাইস্কুল মাঠে এক সভায় জব্বার উপস্থিত রাজাকারদের নির্দেশ দেন, রাজ্জাক বিশ্বাস ও মোতালেবকে জীবিত বা মৃত তাঁর সামনে হাজির করতে হবে। ওই নির্দেশের পর রাজাকাররা তাঁদের গ্রামের বাড়িতে আক্রমণ করে। মোতালেব পালাতে গেলে রাজাকাররা তাঁকে গুলি করে হত্যা করে। রাজ্জাক বিশ্বাস গুলিতে গুরুতর আহত হন, তিন দিন পর তিনি মারা যান।

জবানবন্দি শেষে মোজাম্মেল হককে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়।