'জব্বারের নির্দেশে হত্যা করা হয় বাবা ও ভাইসহ ২২ জনকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী সন্তোষ কুমার মিত্র। জবানবন্দিতে তিনি বলেছেন, ১৯৭১ সালের ৬ অক্টোবর আবদুল জব্বারের নির্দেশে পাকিস্তানি সেনারা ২২ জনকে গুলি করে হত্যা করে, যাঁদের মধ্যে তাঁর বাবা ও ভাই ছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দিতে সন্তোষ মিত্র বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের অধীনে থেকে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী জবানবন্দিতে বলেন, একাত্তরের ৬ অক্টোবর তিনি লুকিয়ে পিরোজপুরের আঙ্গুলকাটায় নিজ বাড়িতে যান। সেদিন রাত সাড়ে্ ১১টার দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন রাজাকারদের হুইসেলের শব্দে তাঁর ঘুম ভাঙে। জব্বারের নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা তাঁদের ঘরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান মালপত্র লুট করে এবং তাঁকে ও তাঁর বাবা সুরেন্দ্রনাথ মিত্রকে দড়ি দিয়ে বাঁধে। তাঁদের বাড়িতে আটটি পরিবার বসবাস করত। এসব পরিবারের ৩৭ জন পুরুষকে ধরে মঠবাড়িয়া পৌরসভা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সাতজনকে ছেড়েত দেওয়া হয়, বাকি ৩০ জনকে সূর্যমণি গ্রামের স্লুইসগেটের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর এক এক করে খালের পাশে নিয়ে তাঁদের পেছন থেকে গুলি করে হত্যা করা হচ্ছিল। তিনি ও তাঁর ভাই ফণি মিত্র একসঙ্গে বাঁধা ছিলেন। গুলিতে তাঁর ভাই ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তিনি আহত হন। গুলিতে তাঁর বাবাও মারা যান। আটক ৩০ জনের মধ্যে ২২ জন মারা যান, আটজন আহত হন।
এ সময় সন্তোষ মিত্র তাঁর শরীরে থাকা গুলির চিহ্ন ট্রাইব্যুনালকে দেখান। পরে তিনি বলেন, দুয়াতলা বাজারের একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুন্দরবনের ক্যাম্পে ফিরে যান এবং সেখানে চিকিৎসা নেন।
জবানবন্দি শেষে সন্তোষকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। পরে এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।