'জব্বারের নির্দেশে হিন্দুদের সম্পদ লুট করে রাজাকাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের একজন জবানবন্দিতে বলেছেন, একাত্তরে জব্বারের নির্দেশে রাজাকাররা হিন্দুদের সম্পদ লুট করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী বিমল চন্দ্র ব্যাপারী ও ১১তম সাক্ষী আবদুস ছাত্তার শরীফ। প্রথমে জবানবন্দি দেন বিমল ব্যাপারী (৬০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৬ মে তুষখালী উচ্চবিদ্যালয় মাঠে জব্বার রাজাকারদের নিয়ে সভা করেন। ওই সভায় হিন্দুদের তিনি ‘পাকিস্তানের শত্রু’ ও হিন্দুদের সম্পদকে ‘গনিমতের মাল’ হিসেবে ঘোষণা করেন। ওই ঘোষণার পর রাজাকাররা তাঁদের (সাক্ষী) বাড়ি থেকে টিন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়।
জবানবন্দি শেষে বিমলকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। পরে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী আবদুস ছাত্তার শরীফের জবানবন্দি অষ্টম সাক্ষী মোজাম্মেল হক শরীফের অনুরূপ হওয়ায় রাষ্ট্রপক্ষ তাঁর জবানবন্দি ‘টেন্ডার’ করে। আসামিপক্ষ তাঁকে জেরা করেনি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।