'জব্বারের নির্দেশে ১১ জনকে হত্যা করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী বিধান চন্দ্র কীর্ত্তনিয়া। জবানবন্দিতে তিনি বলেন, জব্বারের নির্দেশে তাঁর ভগ্নিপতিসহ ১১ জনকে হত্যা করা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে বিধান চন্দ্র (৬২) বলেন, তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামে। একাত্তরের ২২ মে নলী গ্রামে জব্বার রাইফেল দিয়ে সাখানাথ খরাতীকে গুলি করে হত্যা করেন। রাজাকার ও জব্বারের গুলিতে আরও ১০ জন মারা যান। নিহতদের মধ্যে ছিলেন তাঁর (সাক্ষী) ভগ্নিপতি সুরেন্দ্রনাথ বিশ্বাস।
জবানবন্দি শেষে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা করেন।
সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন অব্যাহত: জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের মধ্যে গতকাল পর্যন্ত আটটি অভিযোগের ওপর যুক্তি দেওয়া শেষ করে রাষ্ট্রপক্ষ।