'জমি দখলের জন্য বিহারি ক্যাম্পের হত্যাকাণ্ড'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিহারিদের উচ্ছেদ করে বিহারি ক্যাম্পের জমি দখলের জন্য এ নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। ক্ষমতাসীন দলের সাংসদের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশও হামলায় অংশ নিয়েছে।
মিরপুরের বিহারি ক্যাম্পে ১০ জনকে গুলি করে, আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে মুজাহিদুল ইসলাম এ অভিযোগ করেন৷ তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জাতিগত শোষণ-নিপীড়নের বিরুদ্ধে। অন্য জাতির ওপর নিপীড়ন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী৷’
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহিরের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতপ্রমুখ। বিজ্ঞপ্তি৷