'জয় বাংলা' স্লোগান দিয়ে ব্যালটে সিল মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আলী আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সব ভোটারদের বের করে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মারা অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে ওই কেন্দ্রে বেশির ভাগ ভোটারের ভোটে সিল মেরে দেওয়া হয়েছে।

কেন্দ্র থেকে ৫০০-৬০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভোটার অভিযোগ করেন, এই কেন্দ্রের এক কিলোমিটার দূরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোট নেওয়া শুরু হওয়ার পর তিন-চার শ যুবক হাতি প্রতীক নিয়ে ও জয় বাংলা স্লোগান দিতে দিতে কেন্দ্রে ঢুকে পড়ে। তারা ভোটারদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলে। পরে তারা আবার মিছিল নিয়ে বেরিয়ে যায়। নিজেদের ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা।

পরে ওই কেন্দ্রে গিয়ে হাতি প্রতীকে সিল মারা অবস্থায় কিছু ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। ব্যালট পেপারের মুরিতে ভোটারদের স্বাক্ষরের স্থানে আঙুলের টিপসই দেখা যায়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল কাদেরের ভাষ্য, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। এখানে মোট ভোটার দুই হাজার ৫১০ জন ভোটার। এরই মধ্যে ১৫ শ জনের ভোট পড়েছে।

এই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী তৌফিক আহমেদ চৌধুরী। সংরক্ষিত নারী কাউন্সিলরের প্রার্থী সৈয়দা কাশফিয়া।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর‍) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি কোনো অভিযোগ পাইনি আমি এখানে আছি। ব্যালটে সিল মারার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা প্রিসাইডিং কর্মকর্তার কাজ।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরকার ও অভিজিৎ বসাক বলেন, ‘আমরা কারও কাছ থেকে অভিযোগ পাইনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে এখানে এসেছি।’