‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’—স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। স্থানীয় মৎস্য কার্যালয় এর আয়োজন করেছে। আগামী সোমবার এ কর্মসূচি শেষ হবে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এখানে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনের শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফরমালিনবিরোধী অভিযান, উদ্বুদ্ধকরণ সভা, সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম বলেন, পটুয়াখালী জেলায় মাছচাষির সংখ্যা ১ লাখ ২০ হাজার ৬৫৬ এবং নিবন্ধিত জেলের সংখ্যা ৬২ হাজার ১৭৯। জেলায় ২০১৪-১৫ অর্থবছরে মাছের উৎপাদন ছিল ৭১ হাজার ২২৭ মেট্রিক টন। মাছের চাহিদা ছিল ৩৪ হাজার ১০০ মেট্রিক টন। উদ্বৃত্ত ছিল ৩৭ হাজার ১২৭ মেট্রিক টন মাছ।
ফরিদপুর: দুপুরে শহরের হাড়োকান্দি এলাকায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় মোট মাছের চাহিদা ৩৬ হাজার ৯২০ মেট্রিক টন। এখানকার নদী, খাল, বিল ও বাঁওড়ে মাছের উৎপাদন হয়ে থাকে ২৮ হাজার ৬৯৬ মেট্রিক টন। ঘাটতি রয়েছে ৮ হাজার ২২৪ মেট্রিক টন। জেলার ৯টি উপজেলায় ৩ হাজার ৮০০ হেক্টর বিল ও জলাভূমি রয়েছে। সেখানে মাছ চাষ করা গেলে মাছের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে স্থানীয় জেলেদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি বিনা সুদে ঋণ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কার্তিক চন্দ্র সাহা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কলাপাড়া (পটুয়াখালী): সকালে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল। এতে মৎস্য চাষে বর্তমান সরকারের সফলতা এবং করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। এ ছাড়া মৎস্যসম্পদের ওপর আলাদা প্রতিবেদন উপস্থাপন করেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক। উপজেলা মৎস্য দপ্তর ও মৎস্য গবেষণা উপকেন্দ্র এ সভার আয়োজন করে।
বাউফল (পটুয়াখালী): সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।