‘জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ফাঁসির দড়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুদুর্গত উপকূলীয় মানুষকে বাঁচাতে অবিলম্বে আন্তর্জাতিক চুক্তি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার দেশের কয়েকটি স্থানে মানববন্ধন পালিত হয়েছে। জলবায়ু ন্যায্যতা দিবস-২০১১ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ফাঁসির দড়িতে পরিণত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সকাল ১০টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন পালিত হয়। হিউম্যানিটি ওয়াচসহ ৫১টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন থেকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও জাতিসংঘের মহাসচিবের কাছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের দাবি জানানো হয়। মানববন্ধনে নয় দফা দাবি তুলে বক্তারা বলেন, জলবায়ুর বিপর্যয় বাংলাদেশের উপকূলের মানুষের জন্য মৃত্যুদণ্ডের সমান হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের অস্তিত্বের প্রশ্নে কোনো প্রকার আপস চলতে পারে না। পটুয়াখালী: ঘূর্ণিঝড় সিডরে স্বামীহারা পটুয়াখালীর নারীরা নতুন করে বাঁচার জন্য সহযোগিতার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে ১০ জন বিধবাকে প্রতীকী হিসেবে উপস্থাপন করে জাতিসংঘসহ পৃথিবীর কাছে পাঁচটি দাবি তুলে ধরা হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সহযোগিতায় পটুয়াখালীতে শাপলাফুল সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএসডিও) নামে বেসরকারি একটি সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে। ভোলা: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, নদীভাঙন রোধসহ পাঁচটি ন্যায্য দাবিতে বিশাল মানববন্ধন পালিত হয়েছে। বেলা ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংবাদকর্মী, এনজিওকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ফাঁসির দড়িতে পরিণত হয়েছে।