‘জলবায়ু পরিবর্তন সম্পর্কে কৃষকেরাই জানেন না’
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে অনেকে অনেক কিছু জানলেও কৃষকেরা কিছুই জানেন না। পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জমিতে ঝড়-বৃষ্টি, লবণাক্ততা, হাওরে পানি বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে পারে, এমন ধান বা ফসলের উদ্ভাবন নিয়ে কথা বলা হয়। অথচ উত্তরাঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহের সঙ্গে লড়াই করে কীভাবে ফসল উৎপাদন হতে পারে, এ ব্যাপারে আলোচনা হয় না।গত রোববার দিনাজপুরে ‘জলবায়ু পরিবর্তন: কৃষিতে এর প্রভাব ও প্রতিকার’-বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান এসব কথা বলেন।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘বহুব্রীহি’ এ বৈঠকের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ সিসা (ইরি-সিমিট) দিনাজপুর হাবের ব্যবস্থাপক মো. আবদুল মজিদ। বাংলাদেশে জলবায়ু বিপর্যয়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বার্ষিক গড় বৃষ্টিপাত কমেছে। জলবায়ুর বিরূপ আচরণে কৃষকদের উচিত, সনাতন ফসল চাষের মৌসুম এগিয়ে নিয়ে অধিক লাভজনক ও স্বল্পমেয়াদি ফসলের চাষ করা।বিশেষ অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান টি এম টি ইকবাল বলেন, কুয়াশা, অনাবৃষ্টিসহ সাগরে পানির উচ্চতা বাড়ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জমির পানিতে লবণাক্ততা বেড়েছে। খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। পরিবেশদূষণ কমাতে তিনি যেকোনো উপায়ে সব কাজে জ্বালানি তেল কম পোড়ানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিভিন্ন উপায়ে খাল-বিল, নদী-নালার পানি ধরে রেখে সেচকাজে ব্যবহারের পরামর্শ দেন।বহুব্রীহির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আহসানুল কবীর, বিএডিসি দিনাজপুর সার বিভাগের যুগ্ম পরিচালক মো. দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম পরিচালক মো. বেলাল হোসেন, প্ল্যান বাংলাদেশ দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. মোবারক হোসেন প্রমুখ বক্তৃতা করেন।