‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বেশি বিপর্যয়ের শিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১৭ শতাংশ সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের লোনা পানি কৃষিজমিতে ঢুকে পড়ায় শস্য উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে। গতকাল শনিবার ১৪তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কে বি সাজ্জাদুর রশীদ এসব কথা বলেন। ‘ভূগোল ও পরিবেশ: ২১ শতকের চ্যালেঞ্জ’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন (বিএনজিএ) এই সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনে দেশ-বিদেশের দুই শতাধিক ভূগোলবিদ, পরিবেশবিদ ও শিক্ষাবিদ অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার জে এটকিন্স উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন কে বি সাজ্জাদুর রশীদ। এ ছাড়া পিটার জে এটকিন্স ‘ভূগোল ও পরিবেশ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনজিএর প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র দাস। এবারের সম্মেলনে ‘গ্রামীণ ও নগরীয় পরিবেশ’, ‘জনসংখ্যা ও স্বাস্থ্য’, ‘উপকূলীয় পরিবেশ’, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়’, ‘কৃষি ও খাদ্যনিরাপত্তা’, ‘সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ের ওপর ভূগোলবিদ ও পরিবেশবিদেরা আলোচনা করেন। এ ছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা ‘সেভ দ্য সেন্ট মার্টিনস’ নামে একটি উন্নয়নকাঠামোর মডেল উপস্থাপন করেন। কনফারেন্সে ৪২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য পরিবেশ রক্ষা করতে হবে।