চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘জোয়ারের পানিতে বিপর্যস্ত নগরজীবন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ওই দুজন এই অঙ্গীকার করেন। প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে।
বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা ইচ্ছে করলেও এক দিনে সমাধান করা সম্ভব না। সমন্বিত প্রচেষ্টাই হচ্ছে এই সমস্যা সমাধানের একমাত্র উপায়। নগরপিতা ও সিডিএর চেয়ারম্যান যদি এক বছর একসঙ্গে নগরে ঘোরাঘুরি করেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম বলেন, ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। তখন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এখন বাস্তবায়ন করতে হলে দ্বিগুণ অর্থ লাগবে।’
মেয়র বলেন, ‘ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী নতুন খাল খননের জন্য প্রকল্প নিয়েছি। সম্প্রতি সরকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। তবে এখনো তহবিল পাওয়া যায়নি। তহবিল পাওয়া গেলে খাল খননের কাজ শুরু হবে।’ ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলমত-নির্বিশেষে আমরা সবাই চট্টগ্রামের উন্নয়নে এক ও অভিন্ন। সরকার চট্টগ্রামের উন্নয়নে সিডিএকে বরাদ্দ দিচ্ছে। আমরা চাই আরও দিক। আমাদের মাধ্যমে না হোক, সিডিএর মাধ্যমে হলেও ড্রেনেজ মহাপরিকল্পনার অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।’
জলাবদ্ধতাকে চট্টগ্রামবাসীর অভিশাপ আখ্যায়িত করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, এই সমস্যা নিরসনে চট্টগ্রামবাসী আর কথা শুনতে চায় না। তারা অভিশাপ থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায়। তিনি বলেন, ‘জলাবদ্ধতা এক দিনের সমস্যা না। এটি বহুদিনের সমস্যা। পরস্পরকে দায়ী করে লাভ নেই। আমরা সবাই এ জন্য দায়ী। যখন খাল-নালা ভরাট ও দখল হয়ে গেছে, তখন আমরা কোনো উদ্যোগ নেয়নি। এখন আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টা নেওয়া না হলে তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।’
কাউন্সিলর রেহেনা কবির বলেন, ‘জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে আগ্রাবাদের বাসিন্দাদের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক সংকট বেড়েছে। তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই ধরনের সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব।’
পাউবোর প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘অর্ধশত বছর আগে চট্টগ্রাম নগরে ৫১টি খাল ছিল। বর্তমানে আছে ২৯টি। তাহলে বাকি ২২টি খাল কোথায় গেল? বেপরোয়া দখলদারির কারণে এসব খাল ভরাট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একসময় বাকি খালগুলোও চট্টগ্রামের মানচিত্র থেকে হারিয়ে যাবে। এগুলো রক্ষা করাই এখন প্রথম দায়িত্ব।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘সিটি করপোরেশন আমাদের কারিগরি সহযোগিতা দিলে আমরা তাদের সহায়তা করতে পারি।’
ব্যবসায়ী নেতা ছগীর আহমেদ বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ৩৭ শতাংশ রাজস্ব দেন। কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার ফলে খাতুনগঞ্জের হাজার কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৯৯১ সালে জোয়ারের পানি ঢুকে আমাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই সমস্যার সমাধান করতে হবে।’
প্রকৌশলী আলী আশরাফ বলেন, ‘২০ বছর মেয়াদি মহাপরিকল্পনার ১৯ বছর চলে গেছে। এত দিন ধরে আমরা ঘুমালাম। এটি বাস্তবায়নের জন্য কেউ কাজ করেনি। ফলে এই সমস্যা গভীর থেকে গভীরতর হয়েছে।’
প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। কিন্তু এটি করপোরেশনও বোঝে না, আমরা জনগণও বুঝি না। তাই করপোরেশনের নেতৃত্বে সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’ বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার এম এম করিম চৌধুরী বলেন, বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে স্লুইচগেট কিংবা রেগুলেটর স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আগ্রাবাদ এলাকার বাসিন্দা মাহবুব কবির ও সালমা আক্তার বলেন, প্রতিবছরই জোয়ারের পানি বাড়ছে। এই কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বাচ্চারা স্কুলে যেতে পারে না। ভোরের ঢাকাগামী ট্রেন ধরতে হলে আত্মীয়স্বজনের বাসায় থাকতে হয়।