‘জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে অল্প বৃষ্টিতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গৃহহীন হচ্ছে মানুষ, ঘটছে সম্পদহানির ঘটনা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৌশল নিতে হবে।’
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘নগরায়ণ ও জলাবদ্ধতা: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে হুমকির মুখে উপকূলীয় শহরগুলো’ শীর্ষক সেমিনারে বক্তারা এই কথা বলেন। বেসরকারি সংস্থা নওজোয়ানের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বর্তমান ও ভবিষ্যতের আলোকে মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।
নওজোয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসাইন চৌধুরীর পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।