‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে যতটুকু সম্ভব, ততটুকু করেছি৷ ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে নগরের বিদ্যমান নালা-নর্দমা ও খাল দিয়ে পানি নিষ্কাশন সম্ভব নয়৷’
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম গতকাল রোববার সকালে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রায় এক হাজার ২০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও তাতে জলাবদ্ধতা নিরসনে কোনো পরিকল্পনা নেই। গত চার বছরে এ খাতে কত টাকা ব্যয় হয়েছে তার হিসাব দিতে পারেননি মেয়র।
১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে জানান মেয়র। তিনি বলেন, ‘এই মহাপরিকল্পনার আওতায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে একটি নতুন খাল খননের প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছি তিন বছর আগে। এর মধ্যে ৭০ কোটি টাকা আমরা নিজস্ব তহবিল থেকে দেব। কিন্তু এখনো এই প্রকল্প অনুমোদন পায়নি।’
প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন কি না জানতে চাইলে মেয়র বলেন, ‘আগে চার-পাঁচ দিন পানি জমে থাকত। কিন্তু এখন তিন-চার ঘণ্টার বেশি পানি জমে থাকে না। আর আমি ব্যর্থ কি না তা জনগণ সময় হলে মূল্যয়ন করবেন।’
করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, জলাবদ্ধতা নিরসনে গত চার বছরে নগরে নালা-নর্দমা নির্মাণ করা হয়েছে। নালা-নর্দমা ও খাল থেকে নিয়মিত মাটি উত্তোলন ও অপসারণ করা হয়েছে। নগরের খালগুলোতে প্রতিরোধ দেয়াল নির্মাণ ও খনন করা হয়েছে। এসব কাজের জন্য করপোরেশনে যুক্ত হয়েছে নয়টি এক্সকাভেটর। এ ছাড়া সিডিএমপির আওতায় নগরের বহদ্দারহাট ও মহেশখালে দুটি প্রকল্পের কাজ চলছে। সব মিলিয়ে এতে ব্যয় হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা।
মেয়র বলেন, ‘এ খাতে পাঁচ কোটি টাকার বেশি খরচ হয়েছে কি না সন্দেহ? তাই ১৪৭ কোটি টাকা খরচের দায়ভার আমি নেব না।’
২০১৪-১৫ অর্থবছরের বাজেট: ২০১৪-১৫ অর্থবছরের জন্য এক হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল করপোরেশনের মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র মন্জুর আলম। পাশাপাশি গত অর্থবছরের (২০১৩-১৪) এক হাজার ১০৬ কোটি ৩০ লাখ সাত হাজার টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪৯৮ কোটি ৩৫ লাখ সাত হাজার টাকার সংশোধিত বাজেট পেশ করা হয়।
এবারের বাজেটে আয় খাতে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে ৫৯০ কোটি টাকা। করপোরেশনের নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ৫৬৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ চলতি অর্থবছরের প্রস্তাবিত ও গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।