'জলাভূমিগুলো মৎস্যজীবী নয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকছে'
রাজধানীতে গতকাল মঙ্গলবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, দেশের জলাভূমিগুলো মৎস্যজীবীদের নামে বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও প্রকৃত পক্ষে তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণেই থাকছে। তাঁরা জলাভূমিগুলোকে মুনাফা অর্জনের ক্ষেত্র হিসেবে দেখেন।
‘জলাশয় ও জলাভূমি পরিচালনানীতি ও ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বক্তারা জলাভূমিগুলোতে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করতে সহব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার পরামর্শ দেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের মিলনায়তনে এই গোলটেবিলের আয়োজন করে। জার্মান সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় জলাভূমিতে জীববৈচিত্র্য পুনর্বাসন প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।
বৈঠকের সঞ্চালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত জলাভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইজারাভিত্তিক ব্যবস্থাপনা চালু থাকায় জলাভূমিগুলো থেকে ইজারাদারেরা সর্বোচ্চ পরিমাণে মৎস্য সম্পদ আহরণের দিকে মনোযোগ দেন। জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেন না।
বাংলাদেশ মৎস্যজীবী সমিতির সভাপতি ইসলাম আলী বলেন, স্বাধীনতার পর এখন পর্যন্ত জলাভূমি বিষয়ে যতগুলো নীতিমালা হয়েছে, তার কোনোটিতে মৎস্যজীবীরা কোনো সুবিধা পাননি। সরকার যায়, সরকার আসে, কিন্তু মৎস্যজীবীদের নাম করে যে নীতিগুলো করা হয়েছে, তাতে মন্ত্রী ও সাংসদের লোকেরা বেশি লাভবান হয়েছেন। কেননা, মৎস্যজীবীদের নাম করে তাঁরাই জলাভূমিগুলোর ইজারা নিয়েছেন।