'জাওয়াহিরিদের কায়দায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাওয়াহিরিরা যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশে সেভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। জাওয়াহিরিরা যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সেভাবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। জাওয়াহিরি তাঁর বক্তব্যে কুরআন পোড়ানোদের পক্ষ নিয়েছেন। বাংলাদেশকে নিয়ে তাঁদের হুমকির পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।’ জঙ্গিদের দমনে সরকার অতীতের মতো ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রকে খুশি রাখতেই জাওয়াহিরির সঙ্গে বিএনপিকে জড়ানো হচ্ছে— আজ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘তাঁর (মির্জা ফখরুল) জন্য আমার করুণা হয়। কেউ যেন চিনতে না পারে, এ জন্য তিনি হেলমেট পরে দলীয় কার্যালয়ে আসেন। বোরকা পরে আদালতে জামিনের জন্য যান। পদ বাঁচাতে এখন তিনি বেশি বেশি কথা বলছেন। অবান্তর কথা বলতে বলতে তিনি খেই হারিয়ে ফেলেছেন। আপনারা অবস্থান পরিষ্কার করুন।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক জাকির হোসেন, আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি।